রায়পুর কলেজে ছাত্র সংঘর্ষে ২৫জনআহত

রায়পুর সরকারি ডিগ্রি কলেজে সোমবার সকাল ১১টায় ছাত্রদল-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ২৫ নেতাকর্মী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল ও শিবির মিছিল নিয়ে কলেজ গেটে আসলে ছাত্রলীগ পাল্টা মিছিল বের করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহাম্মদ পাটওয়ারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হিরণ মিয়াজী, ছাত্রদল নেতা শাহরিয়ার ফয়সাল, আলমগীর হোসেন, মোঃ তারেক, শাহ পরান আরিফ, থানা শিবিরের (দক্ষিণ) সভাপতি আল মাহমুদ, শিবির কর্মী রিপন, আবদুল আলীম, রিয়াদ হোসেন, সোহাগ, গাজী হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিরাজুল ইসলাম, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন রুবেল, শিমুল হায়দার, শাকিল হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি, শুকর হোসেন ও ফয়সাল হোসেনসহ ২৫ জন আহত হয়। কলেজ অধ্যক্ষ সফিকুর রহমান জানান, সংঘর্ষের কারণে বেলা ১১ টায় ক্লাস বন্ধ হয়ে যায়। রায়পুর থানার এসআই শামছুল হক বলেন, ক্যাম্পাস ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।