নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৭
কিশোরগঞ্জ-৪ আসন, গাজীপুর সিটি কর্পোরেশন, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা এবং নারায়নগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারন নির্বাচন উপলক্ষে নির্ধারিত দিনে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তা- কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত সময়সুচি অনুযায়ী ৩ জুলাই জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ শুন্য আসনে নির্বাচন, ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন, নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার সাধারন নির্বাচন এবং নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্ধারিত দিনে এসব এলাকার তফসিলি ব্যাংকের সকল শাখা বন্ধ থাকবে।