বিয়ানীবাজারে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিয়ানীবাজারের কয়েকশত প্রবাসী পরিবারের সদস্যকে মুনাফার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার পথে হায় হায় কোম্পানি ‘সেবক’। অতিসম্প্রতি পালাবার পথে সেবক কর্মকর্তাদের্ হাতেনাতে ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ৪-৫ জন গ্রাহক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সেবক অফিসে নিয়মিত ভিড় করছেন গ্রাহকরা। আর অধিক মুনাফার আশায় বিশাল অংকের টাকা সেবক কর্মকর্তাদের হাতে তুলে দেয়ার কারণে দিশেহারা প্রায় ৩ সহস্রাধিক গ্রাহক। অভিযোগ প্রকাশ, রাজধানীর প্রধান কার্যালয় গুটিয়ে নেয়ার পর জেলা এবং উপজেলা পর্যায়ের শাখাগুলোও গুটিয়ে নেয়ার কাজ শুরু করেছেন সেবক কর্মকর্তারা। সেবকের প্রতারণার শিকার কানাইঘাটের তালবাড়ির যুবক হাফিজ জসিম উদ্দিন সেবকের সিলেট বিভাগীয় প্রধান নুরুল হকের অধীনে ৪ লাখ টাকা রেখেছিলেন। সেবক উধাও হয়ে যাওয়ায় নিজ অধীনের গ্রাহকদের টাকার চাপে জসিম এখন দিশেহারা। একইভাবে সেবকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক ফয়ছল আহমদ ও সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমানের কাছে শালেশ্বর মসজিদের সাবেক ইমাম মাও. শরীফ উদ্দিন রেখেছিলেন ১৩ লাখ টাকা। এখন জমাকৃত টাকার সন্ধানে দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না মাওলানা শরীফ। সেবকের প্রতারণা সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপক ফয়সল আহমদ জানান, তারা গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছেন। সেবকের প্রধান কার্যালয় গুটিয়ে নেয়ায় তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে।