যমুনা সার কারখানায় উত্পাদন বন্ধ
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৮
দেশের সর্ববৃহত্ ইউরিয়া সার উত্পাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় গ্যাস সংকট ও বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণে উত্পাদন বন্ধ রয়েছে। কারখানা সুত্রে জানা গেছে শনিবার থেকে প্রয়োজনীয় গ্যাস না থাকা এবং বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে কর্তৃপক্ষ সার উত্পাদন বন্ধ করে দেয়। অ্যামোনিয়া উত্পাদন শাখার জিএম জাহিদুল বারী জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের প্রেসার না থাকায় সুনির্দিষ্ট অ্যামোনিয়াম তৈরি সম্ভব নয় এমনকি ইউটিলিটি বয়লারের যান্ত্রিক ত্রুটির কারণে উত্পাদন বন্ধ রাখা হয়েছে। অপরদিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইখলাছউদ্দীন জানান, দৈনিক ১৭শ’ টন সার উত্পাদন ক্ষমতাসম্পন্ন কারখানায় যদি পর্যাপ্ত গ্যাস প্রেসার থাকতো তাহলে বয়লারের যান্ত্রিক ত্রুটি থাকার সত্ত্বেও আংশিক উত্পাদন ধরে রা্খা সম্ভব হতো। তিনি আরো জানান, ইউটিলিটি শাখার বয়লারের যান্ত্রিক ত্রুটি নিরসন করে পুরোদমে উত্পাদনে যেতে ৮-১০দিন সময় লাগতে পারে।