একমাসেও মেলেনি শিশু রাসেলের সন্ধান
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৮
দুর্গাপুর উপজেলার রহমানিয়া ফাজিয়া মাদ্রাসা হতে নিখোঁজ শিক্ষার্থী রাসেলের (১২) সন্ধান একমাসেও মিলেনি। সে উপজেলার পেটিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। জানা গেছে, গত পহেলা জুন মাদ্রাসা চত্বরের সামনে পুকুরের পাড়ে হাঁটাহাঁটির পর থেকে আর সে মাদ্রাসা বা বাড়িতে ফিরেনি। রাসেল মাদ্রাসাই থাকতো। তাকে না পেয়ে বাবা দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। বাবা খোরশেদ আলম জানান, আমার সাথে কারো শত্রুতা নেই। আমি গরিব মানুষ। স্ত্রী চিটাগাং-এ বাসায় কাজ করে। ছেলের সন্ধান না পেয়ে আমরা দিশেহারা। পুলিশও কোনো সন্ধান দিতে পারছে না। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশি প্রক্রিয়ায় খোঁজ করা হচ্ছে ।