চার লাশের ক্ষতিপূরণ ৩১ লাখে হলো রফা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধামাউড়া গ্রামে শান্তি প্রতিষ্ঠায় এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন সময় সংঘর্ষে নিহত ৪ লাশের জন্য ৩১ লাখ টাকা ক্ষতিপূরণসহ ৮২ লাখ টাকা জরিমানা নির্ধারণ হয়। শালিসকারীরা জানান, ১ জোড়া স্বর্ণের দুল চুরির ঘটনায় গত কয়েক বছরে উপজেলার ধামাউড়া গ্রামে গাজী ও বারী গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে সংঘটিত সংঘর্ষে কয়েকশ’ ঘর ভাংচুর ও লুটপাট হয়। এতে বারী গোষ্ঠীর সখিনা বিবি এবং গাজী গোষ্ঠীর বোরহানউদ্দিন, নবী হোসেন ও সোয়াজ মিয়াসহ ৪ জন নিহত হন। উভয় গোষ্ঠীর নামে প্রায় অর্ধডজন মামলা হয়।
অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মিজানুর রহমান জানান, গ্রামে শান্তি ফিরিয়ে আনার লক্ষেই এ সালিশ হয়েছে। শালিসে লুটতরাজের অভিযোগে গাজীর গোষ্ঠীর লোকদের ৭৫ লাখ ও সখিনা বিবি মৃত্যুর জন্য ৭ লাখসহ মোট ৮২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বারীর গোষ্ঠীর ৪০টি বসতঘরসহ মালামাল ফেরত দেয়ার রায় হয় সালিশে। গাজীর গোষ্ঠীর লোকজন নগদ ১০ হাজার টাকা ও বারীর গোষ্ঠীর লোকজন নগদ ৫ হাজার টাকা সালিশে জমা দিয়ে রায় মেনে নেন। আগামী ১ মাসের মধ্যে উভয় গোষ্ঠীর লোকজন জরিমানার টাকা প্রদান করবেন।
অপরদিকে বোরহানউদ্দিনের মৃত্যুর জন্য ৫ লাখ টাকা, নবী হোসেনের মৃত্যুর জন্য ৭ লাখ টাকা ও সোয়াজ মিয়ার মৃত্যুর জন্য ১২ লাখ টাকাসহ মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয় বারীর গোষ্ঠীর লোকদের। সালিশে রায় ঘোষণা করেন সরাইল উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া।