চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় রবিবার দিবাগত রাতে আব্দুস সালাম (৪২) নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে গুলিতে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সালাম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে দলীয় সুত্র জানিয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত ৯টার দিকে সালাম ও তার বন্ধু সফিকুল মোটর সাইকেলযোগে শিবগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। এসময় তারা বহলাবাড়ি এলাকায় পৌঁছুলে অপর একটি মোটর সাইকেলে দু’জন এসে পেছন থেকে সালামকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক সালামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসি জানান, এ ব্যাপারে গতকাল সোমবার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ করেনি।