সংবাদ কণিকা

প্রাণের উপযোগী তিন গ্রহ বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রকে আবর্তনকারী তিনটি গ্রহ আবিষ্কার করেছেন যেগুলো প্রাণী বসবাসের উপযোগী। তারা জানিয়েছেন, গ্রহ তিনটিতে প্রাণের খোঁজ পাওয়া যেতে পারে। ২২ আলোকবর্ষ দূরে অবস্থিত নক্ষত্রটির নাম দেয়া হয়েছে ‘গ্লিস ৬৬৭সি’। বিজ্ঞানীরা জানিয়েছেন,গ্লিস ৬৬৭সিকে কেন্দ্র করে প্রায় ছয় থেকে সাতটি গ্রহ ঘুরছে। এর মধ্যে তিনটি গ্রহের তাপমাত্রা এমন যে, সেখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। গ্লিস ৬৬৭সি মূলত কাছাকাছি তিনটি নক্ষত্রের একটি। —রয়টার্স ইইউর ২৮তম সদস্য ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন সদস্য হলো ক্রোয়েশিয়া। ফলে তাদের সদস্য সংখ্যা দাঁড়ালো ২৮। সমপ্রতি ইইউ শীর্ষ সম্মেলন শেষে ২৭ জন নেতা ক্রোয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় বলেন, ক্রোয়েশিয়া ও সে দেশের মানুষের জন্য এটা সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। তাদের সামনে নতুন সুযোগ যেমন খুলে যাচ্ছে, তেমনই যোগ হচ্ছে নতুন দায়িত্ব। ২০০৭ সালে ইইউ-তে যোগ দিয়েছিল বুলগেরিয়া ও রুমানিয়া। ক্রোয়েশিয়ার নিজস্ব কোষাগারের অবস্থা ভালো নয়। —ডয়েচে ভেলে ব্রিটেনে যৌন নিপীড়ন বেড়েছে ব্রিটেনে যৌন নিপীড়ন বেড়েই চলছে। অবস্থা এতই বেগতিক যে শেষ পর্যন্ত মসজিদের ইমামকে বলতে হচ্ছে, ‘‘পবিত্র কোরআনের কথা মনে রাখুন। নারীর মর্যাদা দিন, যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কাজ থেকে নিজেকে দূরে রাখুন।’’ সমপ্রতি ব্রিটেনে ৫শ’ মসজিদের ইমামকে বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআনে নারীর যে মর্যাদার কথা বলা হয়েছে, সে কথা সবাইকে মনে করিয়ে দিতে। তাই এ কারণে ‘টুগেদার এগেনস্ট গ্রুমিং’ (টিএজি) নামের একটি সংগঠন মসজিদের ইমামদের শরণাপন্ন হয়েছে। —এএফপি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ মার্কিন ও জার্মান দুই গবেষক সমুদ্রের পানিকে লবণমুক্ত করার সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার করেছেন। এই পদ্ধতিতে লবণাক্ত পানিকে একটি চিপের মধ্যদিয়ে প্রবাহিত করা হয়, যা খুব অল্প বিদ্যুতে চার্জিত থাকে। ঐ চার্জ পানি থেকে লবণকে আলাদা করে ফেলে। এর ফলে ফিল্টার ব্যবহারের খরচ কমে যাবে বলে দাবি করেছেন অস্টিনরে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের রিচার্ড ম. ক্রুক ও জার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের উলরিচ টালারেক। তারা দু’জন ঐ পদ্ধতির উদ্ভাবক। —রয়টার্স