সৈয়দপুরে ১৯ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৪১
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬১টি। এর মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই শিক্ষাদান ও স্কুলের কার্যক্রম চলছে ১১টি বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে এসব স্কুলে প্রধান শিক্ষকের পদ পূরণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষক ছাড়াই উপজেলার পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চওড়া বাজার প্রাথমিক বিদ্যালয়, তিনপাই বেলপুকুর ১নং বিদ্যালয়, তিনপাই বেলপুকুর ২নং বিদ্যালয়, বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বোতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাতামধুপুর বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে রেজিস্টার্ড বেসরকারি ১৫টি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। এগুলো হচ্ছে উত্তর সোনাখুলি নিরাশা বিদ্যালয়, ডাঙ্গী খাতামধুপুর বিদ্যালয়, বাঙ্গালিপুর ডাঙ্গারহাট বিদ্যালয়, খাতামধুপুর ময়দানপুর বিদ্যালয়, কাশিরাম আফতাবউদ্দিন বিদ্যালয়, খাতামধুপুর ময়দানপুর আদর্শ বিদ্যালয়, বাঙ্গালিপুর পশ্চিমপাড়া বিদ্যালয় ও পূর্ব খালিশা ধুলিয়া বিদ্যালয়।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসব স্কুলে প্রধান শিক্ষক নেই। তবে এসব পদ পূরণের চেষ্টা চলছে। সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকার সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করলেও লেখাপড়ার মান ভালো করতে পারছে না বলে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছে।