তানোরে পুলিশ লাঞ্ছনায় সাবেক ছাত্রলীগ সভাপতি আটক
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৪১
রাজশাহীর তানোর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস.আই) রফিকুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে। গত রবিবার বিকালে তানোর গোল্লাপাড়া বাজার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে লাঞ্ছিত এস. আই রফিকুল ইসলাম বাদি হয়ে আটক দেলোয়ারের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের মামলা করেন।
জানা যায়, গত শনিবার তানোরে এসআই রফিকুল ইসলাম অবৈধ মোটরসাইকেল আটক অভিযান পরিচালনা করেন। তিনি ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের ফুপাতো ভাইয়ের লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেল আটক করেন। অনেক তদবির করেও দেলোয়ার ওই মোটরসাইকেল ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। সাবেক ছাত্রলীগ নেতা রবিবার বিকালে স্থানীয় গোল্লাপাড়া বাজার মসজিদ মার্কেটের সামনে এসআই রফিকুল ইসলামকে একা পেয়ে তার মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।