বাকৃবিতে বিপন্ন বাইন মাছের কৃত্রিম প্রজননে সফলতা

স্বাদুপানির বাইম (Mastacembelus armatus) বাংলাদেশ থেকে বিপন্ন প্রজাতির তালিকায় চলে গেছে। এ ঈল জাতীয় মাছের মাংসের বৈশিষ্ট্যপূর্ণ গঠন, অধিক পরিমাণে আমিষের উপস্থিতি এবং বিশেষ গন্ধের জন্য মানুষ পছন্দ করে থাকে। দেশের নদী-নালা, খাল-বিল, হাওড়সহ অন্যান্য প্লাবনভূমিতে এ মাছটি পূর্বে ব্যাপকহারে পাওয়া গেলেও বর্তমানে খুব একটা পাওয়া যায় না। তবে এ মাছের দেশে ও বিদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে দেশে নানাবিধ কার্যক্রম পরিচালিত হলেও দৃশ্যত কোন ফল পাওয়া যায়নি। তবে এবারে দীর্ঘ ৩ বছর ধরে গবেষণার পর সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল আউয়াল মোল্লাহ বিলুপ্তি প্রায় বাইম মাছের প্রথমবারের মত কৃত্রিম প্রজননে সফলতা পেয়েছেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে গবেষণার বিস্তারিত বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশ তথা এ উপমহাদেশে এই মাছের কৃত্রিম প্রজননে এটিই প্রথম সফলতা বলে দাবি করেছেন গবেষকরা। কৃত্রিম প্রজননের এই সফলতার মাধ্যমে বাইম মাছের এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে বলে আশাবাদও ব্যক্ত করেন গবেষকরা। তবে গবেষণায় আরো সফল হতে এবং খামারিদের মাঝে বাইম মাছের পোনা ছড়িয়ে দিতে আরো গবেষণার প্রয়োজন রয়েছে।