গাজীপুর সিটি নির্বাচন
জাতীয় পার্টি ও হেফাজতের সমর্থন নিয়ে টানাটানি!
গাজীপুর প্রতিনিধি ও কাপাসিয়া সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:০০
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হঠাত্ করেই জাতীয় পার্টি ও হেফাজতে ইসলাম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই জোটই জাতীয় পার্টি ও হেফাজতে ইসলাম নিজেদের পক্ষে রয়েছে বলে দাবি করছে। কিন্তু এ নিয়ে ধূম্রজাল কাটছে না।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের প্রতি সমর্থন আদায়ের জন্য গতকাল সোমবার সকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে সাক্ষাত্ করেছেন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট আজমত উল্লাহ খান। প্রায় আধাঘণ্টার সাক্ষাতে তিনি জাতীয় পার্টির সমর্থন প্রার্থনা করলেও এরশাদ কোন আশ্বাস দেননি।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে তা প্রত্যাহার করে নেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাপার সভাপতি ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান। তখন থেকেই এ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। এখানে জাপার প্রায় অর্ধলক্ষ ভোট রয়েছে। এ কারণে নির্বাচনে জাপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, বিগত সাড়ে ৪ বছরে মহাজোটের অংশ হলেও এখানে আমাদের কোনভাবেই মূল্যায়ন করা হয়নি। এমনকি প্রার্থী ঠিক করার বিষয়েও আমাদের মতামত নেয়া হয়নি। এসব কারণে গাজীপুর জাপার নেতাকর্মীরা ১৪ দলের উপর অসন্তুষ্ট।
গতকাল দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় শেষে এ বিষয়ে সাংবাদিকরা আজমত উল্লাহ খানকে প্রশ্ন করলে তিনি দাবি করেন, এরশাদ সাহেব এদেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমার অনেক সিনিয়র, আমি উনার কাছে দোয়া চাইতে গিয়েছি, তিনি আমাকে দোয়া করেছেন। তিনি কি শুধু দোয়া চাইতে গিয়েছেন, নাকি সমর্থন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির অনেক নেতাকর্মী আমার পক্ষে রয়েছেন এবং মাঠে কাজ করছেন। হেফাজতের বিষয়ে তিনি বলেন, হেফাজতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এটি একটি অরাজনৈতকি সংগঠন। তারা কাউকে সমর্থন করেনি বা করবে না।
একই অনুষ্ঠান শেষে ১৮ দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান সাংবাদিকদের প্রশ্নের জবাবে “এরশাদ সাহেব আজমত উল্লাহকে না বলে ফিরিয়ে দিয়েছেন” দাবি করে বলেন, জাতীয় পার্টি আজমত উল্লাহ খানকে সমর্থন দেয়নি। হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতসহ বিভিন্ন ইসলামী চেতনায় বিশ্বাসী দল আমার পক্ষে সমর্থন দিয়ে নির্বাচনী কাজে আমার সাথে রয়েছে।
এদিকে গতকাল সোমবারেও প্রধান দুই জোট সমর্থিত প্রার্থী দুপুরের পর থেকে এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তাদের সমর্থনে ১৪ দল ও ১৮ দলের কেন্দ্রীয় নেতারাও আলাদাভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন।