রায়পুর সরকারি কলেজ

ছাত্রলীগের সঙ্গে শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার রায়পুর সরকারি কলেজ চত্বরে গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে শিবির ও ছাত্রদলের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন পাটওয়ারীসহ ৩ দলেরই অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গতকাল কলেজ চত্বরে একটি মিছিল বের করে ছাত্রলীগ। এ সময় শিবির ও ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরের লেংড়া বাজার এলাকায় অবস্থায় নেয়। এ সময় ছাত্রদল ও শিবির কর্মীরা রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের বাস টার্মিনাল এলাকার রাস্তা প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোলায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১১ ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলার দৌলতখান আবি-আব্দুল্লাহ কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করাকে কেন্দ্র করে গতকাল সোমবার ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয় দলের ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ছিল উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরুর প্রথম দিন। নবাগতদের শুভেচ্ছা জানাতে দীর্ঘ চার বছর পর ছাত্রদল ব্যাপক শোডাউন করে কলেজ ক্যামপাসে প্রবেশ করলে ছাত্রলীগ কর্মীরা বাধা দেয়। সাথে সাথে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হয় উপজেলা ছাত্রদলের সমপাদক জহিরুল ইসলাম জহিরসহ আট ছাত্রদল কর্মী। অপরদিকে ছাত্রলীগ নেতা মান্নান সাব্বিরসহ অন্তত তিনজন আহত হয়।