লিবিয়াতে নৌকাডুবিতে কুলাউড়ার শামীমের মৃত্যু

স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে নৌকা ডুবিতে লিবিয়াতে মারা গেছেন জেলার কুলাউড়া উপজেলার বাদে-ভুকশিমইল গ্রামের শামীম আলম (২০)। নিহত শামীম সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই এবং মৃত আব্দুল খালিকের পুত্র। 

সাত ভাই ও ৩ বোনের মধ্যে শামীম সবার ছোট। শামীম একজন কোরআনে হাফেজ ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তিনি ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে ৩ মাস আগে বাড়ি থেকে বের হন। বিভিন্ন দেশ হয়ে তিনি লিবিয়া পর্যন্ত গিয়ে পৌঁছেন।

মৃত্যুর সংবাদ শোনার পরই পুরো এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। কেউ কাউকেই শান্তনা দিতে পারছে না। নিহত শামীমের মা রাজনা বেগম বারবার মূর্চ্ছা যাচ্ছেন। প্রতিবেশীরাও সান্ত্বনা দিতে এসে কান্নায় ভেঙ্গে পড়ছেন।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলছে, বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এক নৌকা ডুবিতে নিহত প্রায় ৬০জন অভিবাসীর অধিকাংশই ছিল বাংলাদেশী নাগরিক।

বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টকে জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

আরও পড়ুনঃ বীর মুক্তিযোদ্ধা মুনসুরুল আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিহতের মধ্যে রয়েছেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মাসুদ আহমদের ছোট ভাই-মারুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদ পুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫) একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪) এবং সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ইত্তেফাক/নূহু