গ্রেগরিয়াস চ্যাম্পিয়ন
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
সিনিয়র ডিভিশন বাস্কেটবল লিগে ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব, রাইফেলস (বর্তমান বিজিবি) এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব হ্যাটট্রিক শিরোপা জয় করেছিল। প্রায় এক যুগ পর হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এসেও পারল না ঢাকা গ্ল্যাডিয়েটরস, (পূর্বের নাম ইউরোপা ইউথ)। হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে গ্রেগরিয়াস। গতকাল আবাহনী মাঠ সংলগ্ন ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে সিটিসেল বাস্কেটবল লিগের শেষ ম্যাচে গ্রেগরিয়াস ৮২-৬০ পয়েন্টে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এই দুই দলই গত পাঁচ বছর ধরে বাস্কেটবল কোটে শিরোপার জন্য লড়াই করছিল। শিরোপাটা যেন তাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। গ্ল্যাডিয়েটরস হ্যাটট্রিক শিরোপা জিতবে বলে যুক্তরাষ্ট্র থেকে খেলোয়াড় কোচ আমদানি করেছিল। আর তাদের ঠোকতে গ্রেগরিয়াসও যুক্তরাষ্ট্র থেকে খেলোয়াড় আনে। লিগের সাতটি ম্যাচ করে দুই দলই ম্যাচ জিতে আসছিল। কাল শেষ লড়াইয়ে হেরে গেল গ্ল্যাডিয়েটরস। দারুণ লড়াই হয়েছে দুই দলের মধ্যে। শিরোপা হারিয়ে গ্ল্যাডিয়েটরসের কোচ ডেভিড ওয়াটস বলেছেন, খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি থাকায় হেরে গিয়েছেন। একে তো ফিটনেস সমস্যা তার উপর দলের গুরুত্ব পূর্ণ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জেরম জেমস চোট সমস্যা নিয়ে খেলেছেন। জেমসের হাঁটুতে সমস্যা হয়েছে।’ এই খেলোয়াড় তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। তাকে খুড়িয়ে খেলতে দেখা গেছে। চ্যাম্পিয়ন গ্রেগরিয়াসের কোচ সৈয়দ আকলাস হোসেন তো অনেক খুশি তার দল শিরোপা পাওয়ায়। তাকে নিয়ে আনন্দ হৈচৈ করছিলেন খেলোয়াড়রা। গ্ল্যাডিয়েটরসের হ্যাটট্রিক শিরোপা স্বপ্ন ভেঙ্গে দিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন এবং গত দুই বারের রানার্সআপ গ্রেগরিয়াস। দলের কোচ আকলাস হোসেন বলেন, আমরা দুইবার শিরোপা হারিয়েছে যাদের কাছে তাদেরকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আরো ভালো দল গড়ি আমরা।’ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাশেদ গত মৌসুমে গ্ল্যাডিয়েটরসে খেলেছেন। এবার দল পরিবর্তন করে গ্রেগরিয়াসে যোগ দেন। কাল বললেন আমার লক্ষ্যই ছিল এবার আমার দলকে চ্যাম্পিয়ন করা। সফল হয়েছি।’
গ্রেগরিয়াস :সাগর, মোরশেদ, অপু, সোহাগ, মিজান, মশিউর, মিঠুন, রাশেদ, ইব্রাহিম, মুরাদ, তানভির, রাকিব, খালেদুর রহমান, জারাউন বুরোস, রেজিল্যান্ড, উইলিয়ামস। কোচ আকলাস হোসেন, ম্যানেজার তানভির আহমেদ।
গ্ল্যাডিয়েটরস :জয়, বাপ্পি, রুম্মন, শোয়েব, শুভ, মেহেদি হাসান, শাওন, রুপন, আকাশ, শিশির, জনি, এন্ডি, সেইন্টলো, জেরম জেমস, চিয়েন মুর। হেড কোচ ডেভিড হয়াটস, কোচ ওয়াসিফ আলী, ম্যানেজার জিসান।