চীনে প্রবীণ অধিকার আইন

বৃদ্ধ মা-বাবার দায়িত্ব না নিলে সন্তানের শাস্তি

চীনে বৃদ্ধ মা-বাবার দায়িত্ব না নিলে সন্তানদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে নতুন এক আইন করা হয়েছে। ‘প্রবীণ অধিকার আইন’ অনুযায়ী সন্তানদের অবশ্যই তাদের মা-বাবার ভরণপোষণের ভার নিতে হবে। তবে এই আইন নিয়ে সমালোচনাও শুরু করেছেন অনেকে। খবর বিবিসির। আইনটি গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে। আইনটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। দেশটিতে দিন দিন বয়স্ক লোকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালে দেশটির বয়স্ক লোকের সংখ্যা ছিল ১৭ কোটি ৮০ লাখ। ২০৩০ সালে এই সংখ্যা দ্বিগুণ হবে। সমপ্রতি দেশটির বয়স্কদের দুরবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। আইন অনুযায়ী প্রাপ্তবয়স্করা তাদের মাতা-পিতাকে অগ্রাহ্য করতে পারবে না। যারা দূরে থাকে তাদের মাঝে মাঝে বাড়ি যেতে হবে মাতা-পিতার অবস্থা জানার জন্য। তবে আইন নিয়ে ইন্টারনেটে ১০ হাজারের বেশি লোক এর সমালোচনা করে ঠাট্টা করছেন। এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তবে আইনজীবী ঝ্যাং ইয়ান ফেং বলেন, আইন কার্যকর করা কঠিন হলেও অসম্ভব নয়।