এরশাদের সঙ্গে দেখা করে দোয়া নিলেন আজমত উল্লাহ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে দেখা করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। গতকাল সোমবার সকাল পৌনে নয়টায় তিনি রাজধানীর বারিধারায় এরশাদের বাসায় যান। সেখানে তিনি মহাজোট শরিক জাপা চেয়ারম্যানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জাপা সমর্থন দেবে কিনা, তা এখনো স্পষ্ট হয়নি। এরশাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আজমত উল্লা সাংবাদিকদের বলেন, ‘এরশাদ সাহেব আমার মুরব্বি, তিনি মহাজোটের একজন নেতা। সে হিসেবে তার কাছে দোয়া ও সমর্থন চাইতে এসেছি, তিনি আমাকে দোয়া করেছেন।’ সিটি করপোরেশন নির্বাচনে এরশাদ আপনাকে সমর্থন দিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে আজমত বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। তাছাড়া এরশাদ সাহেবের দলের সমর্থনের বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না। তাদের দলের পক্ষ থেকে তারাই এ বিষয়ে জানাবেন। এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায় সাংবাদিকদের জানান, যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, সে কারণে কাউকে সরাসরি সমর্থন দেয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আজমত উল্লাকে এরশাদ বলেছেন ‘তোমার ব্যাপারে আমি শুনেছি। তুমি ভালো প্রার্থী। দোয়া করি, তুমি ভালো করো।’ এরশাদের সঙ্গে আজমতের সাক্ষাতের সময় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম, আবদুস সাত্তার ও টঙ্গীর সাবেক পৌর কাউন্সিলর ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা জাপার সভাপতি ও দলটির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান গতকালও বলেছেন ‘আমি আগেও বলেছি, আমাদের অধিকাংশ নেতা-কর্মী বিএনপির পক্ষে কাজ করছে। আর আমি এ নির্বাচনে কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেব না।’ এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. আইভী রহমান আজ মঙ্গলবার গাজীপুর যাচ্ছেন। তিনি ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমতের পক্ষে দিনভর প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।