নোবিপ্রবি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে কতিপয় শিক্ষার্থী ১৮ ঘন্টা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ করে গতকাল সোমবার থেকে শিক্ষকরা ক্লাসে পাঠদান বর্জন করে অনির্দিষ্টকালে জন্য কর্মবিরতি শুরু করেছেন। এ ঘটনা নিয়ে ক্যাম্পাস এখন উত্তপ্ত রয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ক্যামেষ্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সব ব্যাচের এসিসিই অনার্স ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ছাত্রদের মধ্যে কয়েকজন রবিবার সকাল ১০টার দিকে বিভাগীয় চেয়ারম্যানকে তার কক্ষে না পেয়ে ঐ কক্ষে অবস্থানরত প্রভাষক রফিকুল ইসলাম ও খায়রুল আলমকে রুমের ভিতর আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। প্রায় ১৮ ঘন্টা পর ভোর ৪টার দিকে শিক্ষকরা ঐ ছাত্রদের সাথে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে দুই শিক্ষককে মুক্ত করেন। ঐ বিভাগের চেয়ারম্যান ড. মো. ইউসুফ মিঞা জানান, ‘শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বেশিরভাগ দাবি পূরণের সুপারিশ করা হয়েছিল। এরপরও ছাত্রদের এমন আচরণে আমরা চরম অপমানবোধ করছি এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত হচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শফিকুল ইসলাম জানান, দুই শিক্ষককে অপমান অপদস্তের বিচার না করা হলে ভিসির প্রতি অনাস্থা জানানো হবে এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাসে পাঠদান থেকে শিক্ষকরা বিরত থাকবেন। এদিকে শিক্ষকদের ক্লাস বর্জন ও দুই শিক্ষককে অবরুদ্ধের ঘটনায় শিক্ষক সমিতির নেতারা গতকাল দুপুরে ভিসির সঙ্গে বৈঠক করলেও এ বিষয়ে কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। এর আগে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ক্যামেষ্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শিক্ষক ও কর্মকর্তাদের সকাল থেকে সন্ধ্যা অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর ড. জাহাঙ্গীর সরকার পদত্যাগ করতে বাধ্য হন।