খুলনা বিভাগের ঢাকাগামী বাস-ট্রাকের ৪৮ ঘণ্টা ধর্মঘট ৪ জুলাই থেকে

বিভিন্ন ফেরিঘাটে বাস ও ট্রাক ড্রাইভারদের ওপর নানা ধরনের নিপীড়ন, ফেরি পারাপারে বড় অংকের চাঁদা আদায়, হাইওয়ে পুলিশ চালকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা ইত্যাদির প্রতিবাদে আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে খুলনা বিভাগের সকল জেলা থেকে ঢাকাগামী সকল বাস-ট্রাক ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি গতকাল সোমবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়। কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, বড় গাড়ির ক্ষেত্রে কাওড়াকান্দি ফেরিঘাটে ৪০ টাকা টোল নির্ধারিত থাকলেও ইজারাদাররা গাড়ি প্রতি তার চেয়ে কয়েকগুন বেশি টাকা আদায় করছে। শ্রমিক ফেডারেশনের নড়াইল জেলার সাদেক আহমেদ খান, মাগুরা জেলার এমদাদুর রহমান, চুয়াডাঙ্গা জেলার জেনারেল ইসলাম, বাগেরহাট জেলার আবু সাইদ, যশোর জেলার আলমগীর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।