মুখে ক্রিমের পরিবর্তে সুপার গ্লু!
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:৪২
মেয়েরা মুখে ক্রিম দেয় সৌন্দর্যের জন্য। কেউ দেয় মুখকে ঠাণ্ডা থেকে রক্ষার জন্য। কিন্তু এই সৌন্দর্যের ক্রিমের পরিবর্তে যদি সুপার গ্লু মুখে দেয়া হয় এবং তাও যদি ঠোঁটে লাগে তাহলে অবস্থাটা বেগতিক মনে হবে। নিউজিল্যান্ডের এক নারীর এই বেগতিক অবস্থার সম্মুখীন হতে হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।
নিউজিল্যান্ডের দক্ষিণ দুনেদিনে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওই নারী মধ্যরাতে ফোন করেন। কিন্তু তিনি কিছুই বলতে পারছিলেন না। কেবল শব্দ করছিলেন। তাই তার অবস্থান সম্পর্কে জানা সম্ভব হয়নি। পরে হাসপাতাল থেকে ঘটনার বিস্তারিত জানা যায়। ওই নারী জানান, তিনি মুখের ঠাণ্ডারোধী ক্রিম দেয়ার জন্য রাতে ঘুম থেকে উঠেন। কিন্তু ক্রিমের পরিবর্তে ড্রেসিং টেবিলে থাকা সুপার গ্লু নিয়ে তা মুখে মাখেন। এটি ঠোঁটেও লাগে। এজন্য তিনি কথা বলতে পারছিলেন না। তিনি জরুরি ভিত্তিতে পুলিশকে ফোন করলেও কিছুই বলতে পারেননি। পরে কাছের একটি হাসপাতালে ফোন করলে তারা এসে নিয়ে যায়। ডাক্তাররা সুপার গ্লু উঠিয়ে তাকে অসহ্য অবস্থা থেকে রক্ষা করেন।