যুক্তরাষ্ট্র ৩৮টি বিদেশি দূতাবাসে আঁড়িপাতে

জার্মানি, ফ্রান্স, ইটালি, গ্রিস, ভারতসহ ৩৮টি বন্ধু দেশের দূতাবাস ও মিশনে যুক্তরাষ্ট্র আঁড়ি পেতেছে বলে খবর প্রকাশের পর জার্মানি ও ফ্রান্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আঁড়ি পাতার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, মিত্রদের অফিসে আঁড়ি পাতা কোন ‘অস্বাভাবিক কাজ নয়’। এক সাংবাদিক সম্মেলনে কেরি বলেন, আন্তর্জাতিক বিষয় ও জাতীয় নিরাপত্তার জন্য অনেককিছুই করতে হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র বলেছেন, ‘আঁড়িপাতা বন্ধু গ্রহণযোগ্য নয়’। যুক্তরাষ্ট্রের এ আচরণ স্নায়ুযুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয় এবং বন্ধু দেশগুলোর ওপর এ তত্পরতা মেনে নেয়া যায় না। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, আঁড়িপাতার ঘটনার পর মুক্ত বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা ভেস্তে যেতে পারে। খবর ডেইলি মেইল ও বিবিসির। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কার্যক্রমের তথ্য ফাঁস করে দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে লাখ লাখ ই-মেইল, ফোন ও যোগাযোগের অন্যান্য মাধ্যমে আঁড়ি পাতে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ে আঁড়ি পাতার খবর প্রকাশের পর তারাও ক্ষুব্ধ হয়।