মায়ের কাছে
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ১৯:৪২
মাকে দেখি দিদির চুলে বেণী করে দিতে
আমি তখন মায়ের কাছে এক্কেবারে তিতে,
মেয়ে বলেই দিদির জন্যে যখন তখন সব
আমার বেলায় ফন্দিফিকির চালায় যতোসব।
দিদি যেমন মায়ের কাছে আমিও কি তাই?
দিদির কাছে আমিও তো একটিমাত্র ভাই!
মায়ের এমন পক্ষপাতি মানতে মন চায় না
আর যাবো না মায়ের কাছে যতই ডাকুক আয় না।
মাকে ছাড়া যখন আমার একলা ঘরে থাকা
ভাল্লাগে না কিছু আমার সবই লাগে ফাঁকা।
কি-করবো আর অবশেষে মায়ের কাছে ফিরি
আসবো যখন থাকবো তখন মায়ের আঁচল ঘিরি।