কুয়াকাটায় রাখাইনদের ঐতিহ্য
‘রাখাইন ফুড সাইট ’
মোহসীন পারভেজ, কলাপাড়া সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ১৯:৪৮
উপকূলীয় কলাপাড়া উপজেলার আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন একজন উচ্চ শিক্ষিত রাখাইন রমণী। তিনি নিজস্ব উদ্যোগে পর্যটন কেন্দ্রীয় কুয়াকাটায় চাইনিজ ও থাই ফুডের আদলে রাখাইন খাবার সামগ্রী নিয়ে গড়ে তুলেছেন ‘রাখাইন ফুড সাইট ’ নামের একটি রেঁস্তোরা। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের ভাল মানের খাবারের চাহিদা মিটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পর্যটকদের দাবি। প্রতিদিন কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা ভিড় করছেন এখানে। এখানকার তৈরি খাবার সুস্বাদু এবং দামের দিক দিয়েও সস্তা বলে জানিয়েছেন অনেক পর্যটকরা।
এককালে সুন্দরবনের অংশ বিশেষ উপকূলীয় কলাপাড়ায় গহীন অরণ্য ঘেরা বন পরিষ্কার করে মানব বসতি গড়ে তুলে এই আদিবাসী রাখাইর সম্প্রদায়। ১৭৯৮ সালে বর্তমানের মিয়ানমারের আরাকান রাজার নির্যাতনের শিকার হয়ে নৌকা যোগে সাগর পাড়ি দিয়ে উপকূলে চলে আসে রাখাইন সম্প্রদায়ের লোকজন। তারা গভীর বনে জীবজন্তুর সাথে সংগ্রাম করে মানব বসতি গড়ে তোলে। আর বনের ভিতর বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য গভীর কূপ খনন করে। আর এই কূপের নামানুসারে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বেলাভূমির নামকরণ করা হয় কুয়াকাটা। এই আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন রাজা লিন। রাজা লিন রাখাইন উইমেন্স ইউনিয়নের চেয়ারপারসনসহ বহু রাখাইন সংগঠনের নেত্রী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী। উচ্চ শিক্ষিতা এই রমণীর এশিয়া, ইউরোপ,অস্টেলিয়াসহ ২২টি দেশ ভ্রমণ করার রয়েছে বাস্তব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকেই ‘রাখাইন ফুড সাইট’ নামে কুয়াকাটার রাখাইন মার্কেটে ৭ নভেম্বর চালু করেছেন রাখাইন সম্প্রদায়ের নিজস্ব খাবারের রেঁস্তোরা।
কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মোতালেব শরীফ বলেন, প্রথমে অনেকেই রাখাইন ফুড সাইডকে বাঁকা চোখে দেখলেও ধীরে ধীরে এটি জনপ্রিয়তা পাচ্ছে। কুয়াকাটা হোটেল গোল্ডেন প্যালেসের মালিক লাবু বলেন, কুয়াকাটা সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য যেমন সারা বিশ্বে এর সুনাম ছড়িয়ে পড়েছে তেমনি এই রাখাইন খাবার দোকান কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের জন্য অত্যন্ত আর্কষণীয় হয়ে উঠবে। এটি কুয়াকাটার জন্য আর এক সূর্যোদয় বলে মন্তব্য করেন।