শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৩৪ শতাংশ

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে দরপতনের পর গতকাল মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৬২ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এদিকে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে প্রায় ১৯৩ কোটি টাকা। যা মোট লেনদেনের ২৫ শতাংশ। আইডিএলসি’র বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ৮ মাস পর ডিএসই’র সাধারণ মূল্যসূচক সাড়ে ৪ হাজারের উপরে উঠেছে। ২৮২টি কোম্পানির মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশেরও বেশি। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০ শতাংশ কোম্পানিরই দর আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল পোশাক খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া ইঞ্জিনিয়ারিং, আইটি, জ্বালানি এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো দর বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ২৯৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।