দ. চীন সাগরে উত্তেজনা হ্রাসে আচরণবিধি মেনে চলার আহ্বান কেরির
বন্দর সেরি বেগাওয়ান (ব্রুনাই) থেকে বাসস
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২০:৪৩
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ন্ত্রণের ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ফিলিপাইন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলসীমায় চীনের সামরিক স্থাপনা তৈরির সতর্কবাণী করার পর কেরি এ আহবান জানালেন। ব্রুনেইতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে সোমবার কেরি বলেন, ‘গুরুত্বপূর্ণ এ অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাই আচরণবিধি মেনে চলবেন বলে আমরা আশা করি।’ তিনি দ. চীন সাগর নিয়ে বহুমুখি বিরোধের প্রেক্ষাপটে কোন পক্ষাবলম্বন না করার কথা পুনর্ব্যক্ত করেন। তবে তিনি বিরোধ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে আচরণবিধি মেনে চলার মার্কিন আগ্রহের কথা জানান। এ সাগরের নিয়ন্ত্রণ করা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ রয়েছে। কেরি বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দ. চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন, আইনের মধ্যে অবারিত বাণিজ্য সুবিধা ও অবাধ নৌ চলাচলের ক্ষেত্রে জাতীয় স্বার্থ রয়েছে।’