গৌরীপুর সরকারি কলেজ

নবীনবরণে দাওয়াত না দেয়ায় ছাত্রলীগের ভাংচুর

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের উদ্যোগে সোমবার নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ছাত্রলীগকে দাওয়াত না দেয়ায় প্রশাসনিক ভবনের হামলার অভিযোগ পাওয়া গেছে। কলেজে অপেক্ষমান তালিকায় ভর্তি বাণিজ্য, স্বজনপ্রীতি, বহিরাগত, ছাত্রদল ও শিবিরকে নিয়ে অধ্যক্ষের নবীন বরণের অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা ও ভাংচুরের সত্যতা স্বীকার করে ছাত্র সংসদের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর জানান, ৪৮ ঘন্টার মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গৌরীপুর সরকারি কলেজে এইচএসসির নবীন শিক্ষার্থীদের বরণ করতে সোমবার অডিটোরিয়ামে ‘নবীন বরণ’ অনুষ্ঠান চলাকালে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী অতর্কিতভাবে প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তন, অধ্যক্ষের কার্যালয়সহ আশপাশের কয়েকটি কক্ষের দরজা-জানালা, বারান্দায় থাকা ১৬টি ফুলের টব, ১টি চেয়ার, ২টি বেঞ্চ ভাংচুর করে। সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর ও সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুলের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলার ঘটনা স্বীকার করেছেন। ভর্তি বাণিজ্যসহ সকল অভিযোগ নাকচ করে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্য জানান, কলেজের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ করা হয়েছে। কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ছাত্রলীগকে আমন্ত্রণ না জানানোর কারণেই এ ঘটনা ঘটেছে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে এসেছেন তবে কাউকে পাওয়া যায়নি।