সৈয়দপুরে অর্থ ও জনবলসঙ্কটে রেল কারখানা

দেশের বৃহত্ সৈয়দপুর রেলওয়ে কারখানা কাঁচামাল, অর্থ ও জনবল চরম সংকটে। ব্যাহত হচ্ছে উত্পাদন। ১৯৭০ সালে ১১০ দশমিক ২৯ একর জমির উপর স্থাপিত সৈয়দপুর রেলওয়ে কারখানা ১০ হাজার শ্রমিক নিয়ে শুরু হলেও বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ১ হাজার ৪৬২ জন। বিভিন্ন সময় গোল্ডেন হ্যান্ডশেক ও অবসরের কারণে শ্রমিক সংখ্যা হ্রাস পায়। ১৯৮৫ সাল থেকে এ কারখানায় কোন শ্রমিক নিয়োগ দেয়া হয়নি। এ কারণে ব্যাহত হচ্ছে উত্পাদন। অল্প লোকবল দিয়ে কারখানায় তৈরি করা হয় সুইং হ্যাগার, সেন্টার সিভোট, ড্রবার ব্রেক স্যাফট, ক্যারেজ ওয়াগন, ক্রেন, বয়লার ও লোকোমেটিভসহ রেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং তৈরি করা হয় ব্রডগেজ, মিটারগেজ লাইনের কোচ ও মালবাহী রেলের বগি। গত বছর ২০টি ব্রডগেজ ১০টি মিটার গেজ কোচ মেরামত করা হয়েছে। পুরনো অনেক যন্ত্রপাতি নষ্ট পড়ে থাকলেও মেরামতের কোন উদ্যোগ নেই। সৈয়দপুর রেলওয়ে কারখানায় রয়েছে একাধিক পুরনো যন্ত্রপাতি। আধুনিক যন্ত্রপাতি না থাকায় শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। কোচ পারাপারে ব্যবহার করা হচ্ছে ৮৬ বছরের পুরনো বৈদ্যুতিক ট্রাভার্সার। প্রয়োজনীয় কাঁচামাল ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় গাড়ির খুচরা যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী জানান, জরুরি ভিত্তিতে কারখানায় লোকবল বাড়ানো না হলে যে কোন সময় কারখানার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।