বখাটেদের উত্পাতে লেখাপড়া বন্ধ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
উখিয়ার পালংখালী গ্রামে কতিপয় বখাটে দূর্বৃত্তের উত্পাতে মাদ্রাসা পড়ুয়া কন্যার লেখাপড়া বন্ধ করে দিয়েছে পরিবার। এ ঘটনার ছাত্রীর মাতা বাদী হয়ে সোমবার উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ফারিরবিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে কতিপয় বখাটে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে স্থানীয় সিরাজ মিয়ার নিকট বিচার দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে প্রতিরাতে ওই ছাত্রীর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। ছাত্রীর মাতা জানান, দুর্বৃত্তরা তাঁর মেয়েকে অপহরণ করার হুমকি দিয়েছে। তাই তাঁরা বাধ্য হয়ে লেখাপড়া বন্ধ করে নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।