রাস্তার কাজে ৬০ মিটার অসমাপ্ত থাকায় দুর্ভোগ
সামছুজ্জামান পনির, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যবর্তী মাত্র ৬০ মিটারের কাজ অসমাপ্ত থাকায় তেমন কাজে আসছেনা রাস্তাটি। ফলে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এলজিইডি বিভাগের পাঁচ কিলোমিটার দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত এইচবিবি রাস্তাটি নির্মিত হয়েছে প্রায় ৮ বছর পূর্বে। রাস্তাটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-বাসাইল-রামকৃষ্ণনদী সড়ক। দীর্ঘ সময় রাস্তাটির বাসাইল উচ্চ বিদ্যালয়ের পিছনের ৬০ মিটার অংশটুকুর কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলেছ।
অসমাপ্ত বাসাইল উচ্চ বিদ্যালয়ের পিছনের এ জায়গা দিয়ে প্রয়োজনের তাগিদে এলাকাবাসী ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকসা, টেম্পো ও রিকসাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চলাচল করে। রাস্তার এই অংশটুকু সরু ও নীচু। দু’টি যানবাহন পাশাপাশি ক্রস করা সম্ভব হয় না, এমনকি গাড়ি পার হওয়ার সময় রাস্তার পাশ দিয়ে মানুষের যাওয়ার জায়গা থাকে না। বৃষ্টির সময় রাস্তার ভাঙ্গা অংশটুকু কাদায় ভরে যায়। তখন পায়ে হাঁটাও সম্ভব হয় না।
সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মোঃ শাজাহান আলী জানান, পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তার মধ্যবর্তী (৬০ মিটার) অংশটুকুর নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় এলাকাবাসী দারুণ দুর্ভোগ পোহাচ্ছে এবং প্রকল্পটিও অসমাপ্ত রয়ে গেছে। রাস্তার জন্য বরাদ্দ পেলে বাকী অংশের কাজ করা সম্ভব হবে।