নেত্রকোনায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ কেন্দুয়া উপজেলার কাপাসিয়া গ্রামের মাজেদ মিয়াকে পিটিয়ে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১২ বছর মামলা চলার পর গতকাল সোমবার এই রায় প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে কেন্দুয়া উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আমির হোসেন, অমির হোসেন, হারুন অর রশিদ ও জামির হোসেন। সকল আসামীই পলাতক। আদালত সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০০ সালের ১৮ এপ্রিল আসামিরা মাজেদ মিয়াকে মারাত্মকভাবে আহত করে। মুমূর্ষু মাজেদ মিয়া তাকে ওই দিন রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ২০ এপ্রিল নিহতের বড় ভাই জাহেদ মিয়া বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৮ সেপ্টেম্বর পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।