সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আল্টিমেটাম

শ্রম আইন-২০০৬ শ্রমিকদের উপযোগী করে আইএলও কনভেনশন অনুযায়ী সংশোধন করার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা। তারা বলেছেন, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি কাঠামো নির্ধারণ, রেশন প্রথা চালু, বাসস্থান ও চিকিত্সা ব্যবস্থা নিশ্চিতের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টিসহ ১০ দফা দাবি জানিয়েছেন তারা। অন্যথায় তারা শ্রমিক নেতারা কঠোর আন্দোলনে যাবে বলে জানান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এ সব দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ) এর সভাপতি মো. তোফাজ্জল হোসেন বাশু। লিখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, শ্রমিকদের এই ১০ দফা দাবি আগামী ২০ জুলাই এর মধ্যে মেনে না নিলে দেশব্যাপী শ্রমিকরা কঠোর আন্দোলনে যাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি মো. হোসেন ফকু, সাজেদা বেগম, যুগ্ম সম্পাদক মো. সাহেব উল্লাহ, শহিদুল আলম ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম হিটলু, প্রচার ও প্রকাশক সংগঠক আজিজুর রহমান বাবুল প্রমুখ।