রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার পেলেন ইত্তেফাকের জামাল উদ্দীন

রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করেছে। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের অর্থনৈতিক সম্পাদক জামাল উদ্দীন। আবাসন শিল্পের ওপর প্রকাশিত তার রিপোর্ট জুরি বোর্ডের সদস্যরা সেরা রিপোর্ট হিসেবে গণ্য করেন। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় এ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট করার জন্য রিহ্যাব দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে। গত সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেম-এ রিহ্যাব সামার ফেয়ার ২০১৩ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদা পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও চেক তুলে দেন। এছাড়াও রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিন্ট মিডিয়া বিভাগে ২য় পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার। তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মো. শাহজাহান মোল্লা। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার শারমীন আজাদ। ২য় পুরস্কার পেয়েছেন একুশে টিভির সিনিয়র রিপোর্টার সাজিদ রোমেল। তৃতীয় পুরস্কার পেয়েছেন দিগন্ত টিভির বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ। এছাড়া আরো ১৪ জন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিশেষ পুরস্কার দেয়া হয়।