তানজানিয়ায় ১৯৯৮ সালে নিহতদের শ্রদ্ধা নিবেদন ওবামা ও বুশের

মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তানজানিয়ায় একই সঙ্গে ১৯৯৮ সালে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তবে তারা জনসম্মুুখে কোন কিছু বলেননি। খবর দ্য গার্ডিয়ানের। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল তানজানিয়া সফরের মাধ্যমে তার আফ্রিকা সফর শেষ করেন। গতকাল তানজানিয়ার দার এস সালামের মার্কিন দূতাবাসের কাছে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। কিন্তু তারা দুইজন একত্র হয়ে কোথাও বসেননি। তবে তাদের স্ত্রীরা একই সঙ্গে তানজানিয়ায় একটি নারী সম্মেলনে অংশ নিয়েছেন। লরা বুশ এবং মিশেল ওবামা পাশাপাশি বসেছেন। আর এ নিয়ে কৌতুক করে মিশেল ওবামা বলেছেন, তারা (বুশ ও ওবামা) আমাদের কাছ থেকে শিখছেন। ১৯৯৮ সালে তানজানিয়ার মার্কিন দূতাবাসে আল-কায়েদার বোমা হামলায় ১১ জন নিহত হয়।