শাপলা চত্বরে ‘গণহত্যা’

সরকার না করলে হেফাজতই সঠিক তথ্য প্রকাশ করবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্ল¬ামা আহমদ শফীসহ শীর্ষ উলামায়ে কেরাম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শাপলা চত্বরে গণহত্যার সঠিক তথ্য সরকারের কাছেই আছে। সরকার যদি তা প্রকাশ না করে তাহলে হেফাজতে ইসলাম সময়মত উক্ত তালিকা প্রকাশ করবে ইনশাআল্ল¬াহ। বিবৃতিতে উলামায়ে কেরাম বলেন, গত ৫ মে শাপলা চত্বরের বর্বর গণহত্যা বিষয়ে মহান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তবে গোটা বিশ্ববিবেক হতভম্ব হয়েছে। তারা বলেন, প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রের অভিভাবক, ৫ মে ইতিহাসের বর্বর গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিশন করার জন্য আপনার কাছে হেফাজতসহ বিভিন্ন মহল থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে। আমরা আবারও আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি। আলেমরা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, এখনি যদি উক্ত গণহত্যার সুষ্ঠু বিচার না করেন এবং সংসদে বিশেষ বিল উত্থাপন করে ইসলামবিরোধী নীতিমালাসমূহ বাতিল না করেন তাহলে এদেশের সর্বস্তরের আলেম-উলামা সকল ঈমানদার ও দেশপ্রেমিকদের সাথে নিয়ে গাজীপুর সিটি নির্বাচনসহ সকল নির্বাচনে ইসলামের দুশমনদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। আল্লামা শফীর পাশাপাশি বিবৃতিতে আরও স্বাক্ষর করেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আহমদুল্ল¬াহ আশরাফ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ মাওলানা আবদুল মোমিন, দারুল মাআরিফের মহাপরিচালক মাওলানা সুলতান যউক নদভী প্রমুখ।