ভারতে ঝাড়খন্ডে মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে মাওবাদী গেরিলাদের হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলার পর মাওবাদীরা দ্রুত স্থান ত্যাগ করে। এঘটনায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে একটি সভা শেষ করে দুমকায় নিজের কার্যালয়ে ফেরার পথে পাকুর পুলিশের প্রধান অমরজিত বালিহার ও তার নিরাপত্তা বহরকে লক্ষ্য করে হামলা চালায় মাওবাদী সন্ত্রাসীরা। পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত পাকুর মাওবাদী অধ্যুষিত না হলেও দুমকা-পাকুর সীমান্তে প্রায় সশস্ত্র একশ’ মাওবাদী গেরিলা এ হামলা চালায়। আগে থেকেই তারা রাস্তায় ওত পেতে ছিল। তবে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মাওবাদী গেরিলারা।