যুদ্ধাপরাধ মামলার রায় কার্যকর ও জামায়াত নিষিদ্ধের দাবি
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২২:৪৯
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর, চূড়ান্ত শুনানি হওয়া সকল মামলার রায় ঘোষণা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবিতে নিউইয়র্কের ঐতিহাসিক ইউনিয়ন স্কয়ারে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ’৭১ প্রো-লিবারেশন কনসেনসাস। স্থানীয় সময় রবিবার বিকালে অনুষ্ঠিত এই সমাবেশে ঘোষণাপত্র ও গৃহীত প্রস্তাব পড়ে শোনান সংগঠনের মুখপাত্র ড. প্রদীপ রঞ্জন কর।
সমাবেশে গৃহীত প্রস্তাবের মধ্যে রয়েছে, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের চলমান বিচার অব্যাহত রাখতে আইন সম্মতভাবে ট্রাইব্যুনালকে স্থায়ীকরণ এবং মামলার সাক্ষীদের স্বার্থে নিরাপত্তা আইন প্রণয়ন, অবিলম্বে যুদ্ধাপরাধীদের চূড়ান্ত শুনানিকৃত সকল মামলার রায় ঘোষণা ও দোষীদের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায় কার্যকর করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শুধু যুদ্ধাপরাধী কিছু ব্যক্তির বিচার যথেষ্ট নয়, সেই সঙ্গে যুদ্ধাপরাধারের দায়ে দোষী জামায়াতে ইসলামীর সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তাদের সকল আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা, নারী-নীতি বাস্তবায়নের মাধ্যমে নারী সমাজের ক্ষমতায়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনে দোষীদের আইনে সোপর্দ করা, জিএসপি সুবিধা পুনর্বহাল রাখতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্বিবেচনা কামনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে মিডিয়া সেন্টার ও আর্কাইভ নির্মাণ করা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত সহকারী এটর্নি আবদুর রকিব মন্টু, মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, শরীফ সাহাবউদ্দিন, মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া, চন্দন দত্ত, আবদুর রহিম বাদশা, জলি কর, হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, কামালউদ্দিন, মো. আখতার হোসেন, অবিনাশ আচার্য, ফাহিম রেজা নূর, শরাফ সরকার, শিতাংশু গুহ, আলী আক্কাস, হাজী আনোয়ার হোসেন, নূরে আজম বাবু, আব্দুস সহীদ দুদু, মো. আব্দুল খালেক, মো. মোস্তফা, বিভু দাস, এ কে চৌধুরী, চিত্তরঞ্জন মন্ডল, মো. সারওয়ার, গোলাম সারওয়ার দিদার, বি জামিন, নূরুল ইসলাম, মোফাজ্জল আহমেদ, স্বদেশ মজুমদার, পিন্টু চৌধুরী, সৌমিত্রা দেবনাথ, রীতা বসাক, তসলিমা বেগম, মো. আমীন প্রমুখ।