রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত

টানা ৩৬ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী বিভাগে আট জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে পরিবহন শ্রমিকদের চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক ফেডারেশন নেতারা। বিকাল পৌনে ৫টা থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়। জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্উদ্দিন চৌধুরী, অতিরিক্তি ডিআইজি, হাইওয়ে পুলিশ সুপার এবং পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সাদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবহন শ্রমিক ফেডারেশনের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়। এরপর রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক নেতারা নিজেদের মধ্যে বৈঠক শেষে বিকাল পৌনে ৫টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। বৈঠক শেষে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি জানান, ‘বিভাগীয় প্রশাসন আমাদের ১০ দফা দাবির মধ্যে একটি তাত্ক্ষণিকভাবে পূরণ এবং বাকিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেয়ায় জনস্বার্থে চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে।’ রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্উদ্দিন চৌধুরী জানান, পরিবহন শ্রমিকদের ১০ দফা দাবির সবগুলোই যৌক্তিক। আমরা তাদের দাবিগুলো বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সবগুলো দাবি পূরণ করা হবে।’