গাজীপুর সিটি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ অমূলক

যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি রাজনীতিবিদদের বেফাস মন্তব্য না করার আহ্বান জানিয়ে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগেই কারচুপি কিংবা প্রশাসনিক হস্তক্ষেপের যে অভিযোগ বিএনপি নেতারা করছেন তা সম্পূর্ণ অমূলক। এ ধরনের দায়িত্বহীন মন্তব্য দেশ ও গণতন্ত্রের অনেক ক্ষতি করতে পারে। দেশ ও জাতি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘যাত্রী সেবার মান উন্নয়নে মালিক-শ্রমিকের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, এ নির্বাচনে সরকার কোনোরূপ হস্তক্ষেপ করবে না। নির্বাচনে জনগণ যে রায় দিবে সরকার তা মেনে নেবে। তিনি উল্লেখ করেন, আজ আমরা ক্ষমতায় আছি, আগামীতে থাকবো এমন কথা বলা যায় না। রাজনীতি কারো চিরস্থায়ী বন্দোবস্ত করে না। জনগণ না চাইলে সরে দাঁড়াবো, তবুও ১৫ ফেব্রুয়ারি আর মাগুরা মার্কা নির্বাচন আমরা করব না। সংগঠনের সভাপতি শরীফুজ্জামানের সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. শরীফ রফিকউজ্জামান, মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।