অখণ্ডতা রক্ষায় গ্রামীণ ব্যাংক কর্মীদের কালো ব্যাজ ধারণ

দেশব্যাপী কালো ব্যাজ ধারণ করে তদন্ত কমিশনের সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদ জানালো গ্রামীণ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার ব্যাংকটির অখণ্ডতা রক্ষার জন্য কর্মচারী সমিতির পক্ষ থেকে দুপুর পৌনে ১২ থেকে একটা পর্যন্ত দেশের সকল গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে মৌনভাবে অবস্থান নেয় গ্রামীণ ব্যাংকের কর্মীরা। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএম. শাজাহান, কর্মচারী সমিতির সভাপতি শামসুল আলমসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২৬ জুন কর্মচারী সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে গ্রামীণ ব্যাংক তদন্ত কমিশনের সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ঘোষণা দেয়া হয়, গ্রামীণ ব্যাংক পুনর্গঠনের উদ্দেশ্যে দুই জুনের কর্মশালাটি বন্ধ না করা হলে কালো পতাকা উড়বে, কালো ব্যাজ ধারণ করবে কর্মীরা। পরবর্তীতে কর্মশালাটি স্থগিত করা হলেও তা বাতিল করেনি কমিশন। সে কারণেই পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ২৫৫৫টি শাখা, ২৬৬টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অডিট অফিসসহ ব্যাংকের সকল অফিস ও সকল গাড়িতে কালো পতাকা উড়ানোর কর্মসূচি পালন করা হয়। এর পাশাপাশি সকল কর্মকর্তা ও কর্মচারী গতকাল কালো ব্যাজ ধারণ করেন।