ভর্তির কোটা নিয়ে বিরোধ
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজে অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২২:৫৩
একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে মুন্সীগঞ্জ জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ কলেজ শাখা কর্মীরা। এসময় তারা ক্যাম্পাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, শিক্ষার্থী ভর্তির কোটা প্রাপ্তি নিয়ে শিক্ষকদের সঙ্গে কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে তাল ঝুলিয়ে নানা শ্লোগান দেয়। বিক্ষুব্ধ কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে অধ্যক্ষের কক্ষও ভাঙচুর করে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সচিব নিবিড় আহম্মেদ।
এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা চলছে। কতিপয় ছাত্র জোটবদ্ধ হয়ে অযৌক্তিক দাবি তুলে। তা না মানার কারণে এই হামলা চালায়।
সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।