ম্যান্ডেলার জন্মদিন পালনের পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২২:৫৪
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন পালনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আগামী ১৮ জুলাই ম্যান্ডেলা ৯৫ বছরে পা রাখতে যাচ্ছেন। তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তি রয়েছে। তবে তার অবস্থা সংকটজনক বলে প্রেসিডেন্ট জানান। এদিকে ম্যান্ডেলার সঙ্গে নোবেল পুরস্কার পাওয়া দেশটির শ্বেতাঙ্গ শাসনামলের শেষ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক পেসমেকার স্থাপনের জন্য গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিবিসি’র।
ম্যান্ডেলার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন তার ভক্তরা। দিন যতোই যাচ্ছে ততোই প্রিটেরিয়ার হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় বাড়ছে। ম্যান্ডেলাকে নিয়ে উদ্বিগ্ন সবাই সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণার অপেক্ষা করছেন। প্রেসিডেন্ট জুমা এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৮ জুলাই মাদিবার জন্মদিনে মানুষের জন্য কিছু করতে হবে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের এ কাজ করতে হবে। এছাড়া ম্যান্ডেলার সমাধিস্থল নিয়ে পারিবারিক দ্বন্দ্বে তার মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে আদালত ম্যান্ডেলাকে কুনুতে সমাহিত করার অন্তর্বর্তীকালীন আদেশ দিলেও নাতনি ম্যান্ডলা আদালতেই এই রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যান্ডেলার আত্মীয় এবং পূর্বপুরুষদের মধ্যে বেঁচে থাকা কয়েকজন মনে করছেন, তার পারিবারিক বিরোধ এই বার্তা দিচ্ছে যে, নাতনি ম্যান্ডলার সঙ্গে অন্যরা শান্তিতে নেই। ম্যান্ডলাই নেলসন ম্যান্ডেলার পরবর্তী উত্তরাধিকারী। তারা আরো বলেন, এই বিরোধের কারনেই হয়তো মাদিবা বিদায় নিতে পারছেন না। প্রিয় নেতার জন্য টানা প্রার্থনা চালিয়ে যাচ্ছে দলীয় সমর্থকসহ শুভাকাঙ্খীরা। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার পর থেকে গত ৮ জুন থেকে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।