সৌদি আরবে বৈধ হওয়ার সময় ৪ নভেম্বর পর্যন্ত বাড়ল

বাংলাদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময় চার মাস বাড়িয়েছে সৌদি আরব সরকার। গতকাল মঙ্গলবার রিয়াদে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশসহ কয়েকটি দেশের অবৈধ নাগরিকদের কাগজপত্র ও মর্যাদা বৈধ করার সময়সীমা ৩ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ ছাড়া পাকিস্তান, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার শ্রমিকদের জন্য একই সুযোগ দেয়া হয়। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এর বিশেষ ক্ষমতা বলে সাধারণ ক্ষমা বলে পরিচিত এই সুযোগ দেয়া হয় বাংলাদেশসহ অপরদেশের শ্রমিকদের জন্য। গত ১০ মে সৌদি বাদশাহর প্রথম দফা সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হয়, যার মেয়াদ ছিল আজ ৩ জুলাই পর্যন্ত। এই দুই মাস সময়ে রিয়াদ ও জেদ্দা মিশন বৈধ কাগজপত্র ও পাসপোর্ট বিহীন প্রায় চার লাখ বাংলাদেশিকে বৈধ করার কার্যক্রম শুরু করে। ১ জুলাই পর্যন্ত জরুরি ভিত্তিতে অতিরিক্ত লোকবল দিয়ে ২ লাখ ৩৪ হাজার ২৯৩ জন বাংলাদেশির কাগজপত্র হালনাগাদ করা হয়। এদের মধ্যে এক লাখ ১২ হাজার ৯৯৪ জনকে নতুন পাসপোর্ট, ৪৬ হাজার ৮৯৬ জনের পাসপোর্ট নবায়ন, ৭০ হাজার ৭৩৫ জনকে দেশে ফেরার অনুমতিপত্র ও তিন হাজার ৬৬৮ জনকে অন্যান্য সেবা দেয়া হয়। সৌদি বাদশাহ’র এই সুযোগের আওতায় অবৈধ বিদেশি শ্রমিকরা ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন। যারা অবৈধভাবে অবস্থান করছেন তারা বৈধ হতে পারবেন কিংবা শাস্তি বা জরিমানা ছাড়া দেশে ফিরার সুযোগ পাবেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় গতকাল বলা হয়, ৪ নভেম্বরের মধ্যে যে সব অবৈধ শ্রমিক সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে সৌদি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ক্ষমার মেয়াদ শেষ হবার পর শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাবে। অভিযানে অবৈধ কেউ ধরা পড়লে ব্যবস্থা নেয়া হবে।