কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচন আজ
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২২:৫৭
কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন আজ বুধবার। হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনটি।
গত ২৪ এপ্রিল স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর এই আসনটি শূন্য হয়। এর পর থেকেই জল্পনা-কল্পনা চলছিল কে হবেন এই আসনের পরবর্তী কাণ্ডারী। আবদুল হামিদের শূন্যস্থান পূরণ করবেন কে? নির্বাচনী তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন পান তারই জ্যেষ্ঠ পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন তরুণ আওয়ামী লীগ নেতা সৈয়দ মহিতুল ইসলাম অসীম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। অসীম অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
এই আসনের ২৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ১২৬। এর মধ্যে ইটনা উপজেলায় ভোটার ১ লাখ ৪ হাজার ৪০৩, মিঠামইনে ৭৩ হাজার ২৯২ এবং অষ্টগ্রামে ৯৯ হাজার ৪৩১ জন। তিন উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৮ ও ভোটকক্ষের সংখ্যা ৫৪৩টি। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। থাকবেন ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।