মৌসুমী বার্তা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ১৮:৫৮
অভিনয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে লাক্সসুন্দরী মৌসুমীর মনে। তাই ভালো ভালো চরিত্রে অভিনয়ই পছন্দ করেন। এরই মধ্যে তিনি রুপালি পর্দাতেও নাম লিখিয়েছেন। অভিনয়প্রেমী এই তরুণীকে নিয়ে লিখেছেন
খালেদ আহমেদ
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান মৌসুমী। অনেকটা শখের বশেই রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু ধীরে ধীরে যখন শত শত প্রতিযোগীকে ছাড়িয়ে যেতে থাকলেন, তখন নিজের প্রতি তার আত্মবিশ্বাস বেড়ে গেল। তাই সাফল্যের দোরগোঁড়ায় পৌঁছুতে পরিশ্রম করতে থাকলেন। সেই পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল হিসেবে ২০১১ সালে ওই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন পুরান খুলনায় বেড়ে ওঠা এই তরুণী। তার ভাষ্যে, ‘লাক্সের অভিজ্ঞতা আসলে বুঝিয়ে বলতে পারব না। আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো লাক্স। ওখানে গিয়েই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল অনেক শেখার। আমার মনে হয়, লাক্স থেকে বের হয়ে কেউ এই অভিজ্ঞতা ভুলতে পারবে না। সত্যি বলতে কি, লাক্সের প্ল্যাটফর্মের জন্য আমাকে মিডিয়ার কাজ করতে সেভাবে স্ট্রাগল করতে হয়নি।’ মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—ফেরদৌস হাসানের পরিচালনায় ‘মার ছক্কা’, ওয়াহিদ আনামের ‘ভার্সিটি’, খালিদ মাহমুদ মিঠুর ‘বাংলা আমার মাতৃভাষা’, শিহাব শাহিনের ‘সপ্তাচার্য’ ইত্যাদি। এই লাক্স তারকা অভিনয় করেছেন দুই বাংলার ধারাবাহিকে। নাটকের নাম ‘রোশনি’। এতে নাম-ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী। মডেলিং না অভিনয় কোনটি আপনার পছন্দের—এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘মডেলিংয়ের চেয়ে অভিনয় আমাকে চুম্বকের মতো টানে। তবে র্যাম্পের কাজটাও এনজয় করি।’ তিনি আরও বলেন, ‘আমার প্রতিটি কাজে পরিবার থেকে অনেক উত্সাহ ও সহযোগিতা পেয়েছি। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি।’ বর্তমানে খুলনা আজম খান কমার্স কলেজে অনার্সে অধ্যয়নরত এই তরুণী ভবিষ্যতে নিজেকে একজন জনপ্রিয় ও ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চান। তার ভাষ্যে, ‘সেরা দশে থাকাকালীন তাদেরকে বিভিন্ন রকম পারফর্মেন্স করতে হয়েছে। এর মধ্যে এক পর্বে তারা নিজেদের অভিনয়-প্রতিভাও প্রদর্শন করেছেন বিচারকদের সামনে। আর তাদের অভিনয় দেখে সেসময় বিচারকরা নিজেদের ভালোলাগার কথাও জানিয়েছেন। আর সেগুলো মৌসুমীর কাছে এখন খানিকটা সুখস্মৃতি। মৌসুমীর কথায়, ‘অভিনয় রাউন্ডে একটি নাটিকায় আমার অভিনয় দেখে জনপ্রিয় অভিনেত্রী-পরিচালক আফসানা মিমি বলেছিলেন, একজন পরিচালক হিসেবে আমি মৌসুমীর মতো অভিনয়শিল্পীকে নিয়ে কাজ করতে চাই। মিমি আপার কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আমি সেদিন কী যে খুশি হয়েছিলাম, তা ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। একই পর্বে আমার পারফর্মেন্স দেখে গুণী অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদ বলেছেন, ইউ আর পারফর্মার। আমার মনে হয়, আমি আগে কখনও এ ধরনের কোনো কমপ্লিমেন্ট কাউকে দিইনি।’ হুমায়ূন আহমেদের অনেক বড় একজন ভক্ত হলেন মৌসুমী। তার গল্প থেকে নির্মিত কোনো চলচ্চিত্র ও নাটকে কাজ করার সুযোগ হলে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করবেন বলে জানালেন। ছোটপর্দার নিজের যোগ্যতা প্রমাণ করে মৌসুমী নাম লিখিয়েছেন রুপালি পর্দাতেও। অনিমেষ আইচের পরিচালনায় ‘না মানুষ’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে তিনি অভিনয় করছেন। তবে নতুন খবর হলো—এবার চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে তাকে দেখা যাবে। বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় শুটিং চলতি ছবি ‘ফিল মাই লাভ’ ছবির আইটেম সংয়ের আইটেম গার্ল হিসেবে অভিনয় করবেন। এ ব্যাপারে মৌসুমী হামিদের সাথে পরিচালকের চূড়ান্ত কথা হয়েছে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘পরিচালকের কাছ থেকে আইটেম গানের বিষয়বস্তু এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। যে কারণে আইটেম সংটিতে কাজ করতে আমি সম্মত হয়েছি। আশা করি এই কাজটি আমার ক্যারিয়ারের জন্য অনেক পজিটিভ কিছুই হবে।’ এদিকে বিপ্লব হায়দার জানান আইটেম সংয়ের কাজ জুলাই মাসে সম্পন্ন হলেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে। আর এই আইটেম সংটিই হবে ছবিটির দারুণ চমক। মৌসুমী হামিদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে তিনি আইটেম সংটি করতে সম্মতি দিয়েছেন।’ এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী নাগ। অতিথি চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা আমব্রিন। বতর্মানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আইটেম সংটিত কণ্ঠ দিবেন পারভেজ ও রাইসা। এ ছাড়া মৌসুমী বর্তমানে ধারাবাহিক নাটক ‘ঘুণপোকার মৃত্যু এবং ভালোবাসা’ ও ঈদের বেশ কিছু খণ্ড নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।