খোঁজখবর

আবারও উপস্থাপনায় এক যুগ আগেই উপস্থাপনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছিলেন তিনি। তবে এবার একটু ব্যতিক্রমভাবেই নিজেকে উপস্থাপনায় নিয়ে এসেছেন মৌটুসী বিশ্বাস। রান্না বিষয়ক ‘জেরাকল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনার কাজ করছেন তিনি। এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা এবারই প্রথম করছেন তিনি। মৌটুসী বলেন, ‘উপস্থাপনা করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন অনুষ্ঠানটির উপস্থাপনাও বেশ উপভোগ করেছি আমি। আমার অনুষ্ঠানে অতিথি হিসেবে আমার প্রিয় প্রিয় অনেক শিল্পীকেই পেয়েছি, যাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে।’ অনুষ্ঠানটি নির্মাণ করছেন অজয় পোদ্দার। এরইমধ্যে এফডিসিতে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটি মাছরাঙ্গা চ্যানেলে প্রচার শুরু হবে। বর্তমানে মৌটুসী অভিনীত ধারাবাহিক নাটক আলী ফিদা একরাম তোজো পরিচালিত ‘অঘটন ঘটন পটিয়সী’ এটিএন বাংলায় এবং শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার চতুষ্কোণ’ এনটিভিতে প্রচার হচ্ছে। এবার মডেল আসছে ঈদের জন্য নির্মিত ‘পারমানেন্ট ট্রিটমেন্ট’ নাটকে হোমায়রা হিমু মডেল চরিত্রে অভিনয় করেছেন। দীপান্বিতা ইতির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নৃত্যশিল্পী ফারজানা খান ইলা, ওয়াহিদ মল্লিক জলি, হায়দার হোসেন জাহাঙ্গীর আলম, জিদান, তমাল, ছন্দারিনা গীতি, দিল আফরোজ চৈতী, তপন, মোশাররফ, ইউসুফ, রিনা খান প্রমুখ। অত্যাধুনিক মডেল চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিমু বলেন, ‘একটু প্রাচীনপন্থী এবং বোকাসোকা প্রাণ রায় আমায় পাত্রী হিসেবে দেখতে আসে। কিন্তু সাজপোশাক ও আচরণ দেখে সে হতভম্ব হয়ে যায়। অতিথি চরিত্র হলেও নাটকে আমার দৃশ্যটি দেখে দর্শক মজা পাবে।’ বাতাসার কারিগর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবার বাতাসা কারিগরের চরিত্রে অভিনয় করেছেন। বৃন্দাবন দাসের রচনা ও বিপ্লব পাল পরিচালনায় ‘বাতাসা’ নাটকে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। এই চরিত্রে অভিনয়ের জন্য চঞ্চলকে পেটে মেদও জমাতে হয়। এই নাটকে আরও অভিনয় করেছেন শাহনাজ খুশি, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, গোলাম হাবিবুর রহমান মধু এবং মাসুদ রানা মিঠু প্রমুখ। এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক চরিত্রে অভিনয় করলেও বাতাসা কারিগরের চরিত্রে এই প্রথম অভিনয় করলাম। এ ছাড়া বৃন্দাবন দাসের সব গল্পই অসাধারণ। তবে বাতাসা গল্পটি খুবই সমসাময়িক। মনে দাগ কাটার মতো গল্প এটি। আশা করি ‘বাতাসা’ সবার ভালো লাগবে।’ জীবনের ব্যস্ততা হালের তরুণ গীতিকার রবিউল ইসলাম জীবন বর্তমানে ঈদের গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার ঈদে তার লেখা গান থাকবে বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর অ্যালবামে। এরমধ্যে রয়েছে আলম আরা মিনুর একক, মিলার একক, আঁখি আলমগীরের একক, পড়শীর ‘পড়শী-৩’, রাফাতের একক, এফ এ সুমনের একক, রিপন খানের মিক্সড, জে কের মিক্সড, রাজন সাহার মিক্সড, মাহমুদ সানীর মিক্সড প্রভৃতি। এ প্রসঙ্গে জীবন বলেন, ‘বর্তমানে আমি অত্যন্ত স্বনামধন্য একটি ব্যান্ডের জন্য গান লিখছি। সময় হলেই সেটা সবাইকে জানাব।’ আইডল নিয়ে মনমালিন্য! বড়সড় অঘটনের মধ্য দিয়ে টিভিপর্দায় যাত্রা শুরু হলো ‘বাংলাদেশি আইডল’। সবাইকে হতবাক করে প্রথম পর্বেই বিচারকের আসন ছেড়ে বের হয়ে গেলেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। গত শুক্রবার রাত সাড়ে আটটায় এসএ টিভিতে সম্প্রচার হওয়া বাংলাদেশি আইডলের প্রথম পর্বের শেষ মুহূর্তে গিয়ে এ অঘটনের জন্ম হয়। জমজমাট এ রিয়েলিটি শো’র সূচনা পর্বটি ভালোই চলছিল, নানা চমকের মধ্য দিয়ে। এতে বেশিরভাগ প্রতিযোগীই আপন যোগ্যতায় চার বিচারকের হাত থেকে গোল্ডেন কার্ড বিজয়ী হন। আবার সর্বসম্মতিক্রমে বাদও পড়েন কেউ কেউ। এ পর্বের শেষ প্রতিযোগী হিসেবে বিচারকদের সামনে আসেন শীলা রাণী দেবী। তিনি গেয়ে শোনান ক্লাসিক্যাল ঘরানার একটি গান। উপস্থিত তিন বিচারক ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর ও মেহরীন প্রতিযোগীকে বেশ বাহবা দেন। এর মধ্যে খানিক আপত্তি জানান আইয়ুব বাচ্চু। তিনি পাশে বসা ফেরদৌসী রহমানকে বলেন, ‘বুঝলাম না আমরা বারবার একই টাইপের প্রতিযোগী কেন সিলেক্ট করছি! কী হবে?’ আইয়ুব বাচ্চুর এমন আপত্তির বিপরীতে খানিক খোঁচা দিয়ে ফেরদৌসী রহমান বলেন, ‘ওকে নিয়ে আমরা গিটার বাজানো আর ব্যান্ডের গান শেখাব।’ ফেরদৌসী রহমানের এমন কথা হজম করতে না পেরে সঙ্গে সঙ্গে বিচারকের আসন ছেড়ে সেট থেকে বের হয়ে যান আইয়ুব বাচ্চু। যেতে যেতে বলেন, ‘এই চেয়ারে বসে আমার আসলে বিশেষ কিছু করার নেই মনে হচ্ছে। এই জায়গা আমার জন্য না।’ তাত্ক্ষণিকভাবে তিনি বাংলাদেশি আইডল ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও পরে অনুষ্ঠানে থাকবেন বলে জানান।