মিউজিক ভিডিও নির্ভর ঈদের অ্যালবাম নিয়ে গীতিকারদের আশঙ্কা!

ঈদের প্রস্তুতিতে এখন সকলেই নিজেদের অডিও অ্যালবাম রিলিজের জন্য সময় গুনছেন। এরই মধ্যে বেশ কিছু অডিও অ্যালবাম রিলিজের বেশ জোর প্রস্তুতি চলছে। তবে সমসাময়িক কালের ভেতরে এ বছর ঈদে রেকর্ড অডিও অ্যালবামের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনায় গীতিকার-সুরকারেরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলা যায়। তবে অধিকাংশ অ্যালবাম এখন বলাই বাহুল্য মিউজিক ভিডিও নির্ভর হয়ে যাচ্ছে। গত ২ জুলাই প্রকাশিত হওয়া নবাগত কণ্ঠশিল্পী তারেক ও সেরাকণ্ঠ বিজয়ী নদীর দ্বৈত গানের অ্যালবাম ‘মুগ্ধতা’ মুক্তি পায়। এই অ্যালবামেও রেকর্ডিং বাজেটের চেয়ে প্রায় কয়েকগুণ বাজেট বেশি তার মিউজিক ভিডিও নির্মাণে। গাজী শুভ্রর নির্মাণে মিউজিক ভিডিওতে এই অ্যালবামের টাইটেল গান লিখেছেন জাহিদ আকবর। এ ছাড়া আমিরুল মানিকের প্রকাশিতব্য একটি একক ‘অবাক শহরে’র টাইটেল গানটি ছাড়াও একাধিক গান লিখেছেন তিনি এবারের ঈদ উপলক্ষে। সাম্প্রতিক এই প্রবণতা প্রসঙ্গে জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর বলেন, ‘আসলে এটাকে অস্বীকার করার কিছু নেই যে, মিউজিক ভিডিও এখন একটি গানের প্রচার ও প্রসারের কাজে অপরিহার্য। তবে এই ভিডিও থেকে একটা প্রাতিষ্ঠানিক বা পেশাদারিত্বের ব্যবস্থা হওয়া উচিত। শুধু শিল্পী তার নিজ খরচে ভিডিও তৈরি করবে আর তা থেকে কোনো রিটার্ন আসবে না। এই ব্যবস্থা হলে তো একসময় অনেক ভালো গান ভিডিও না থাকার জন্য হারিয়ে যাবে।’ অন্যদিকে এ দেশে একাধিক গানের জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচও এবারের ঈদে বেশ ক’টি গুরুত্বপূর্ণ অ্যালবামে গান লিখছেন। এবারের ঈদে অডিও বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আশার কথা হলো অনেক ভালো গান হচ্ছে। তবে গানের ক্ষেত্রে এখন মিউজিক ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের একটা সহযোগিতা সবাই প্রত্যাশা করেন। কারণ যার ভালো কণ্ঠ আছে কিন্তু ভিডিও তৈরির সামর্থ্য নেই সে তো প্রচারে পিছিয়ে থাকছে।’উল্লেখ্য, অনুরূপ আইচের লেখা ‘এক জীবনে’ গানটির ভিডিও এ দেশে রেকর্ড আলোচিত একটি গান। এই মিউজিক ভিডিওর কল্যাণে মডেলদ্বয় আজ মিডিয়াতে ব্যস্ত এমনকি শিল্পীও সংগীত জগতে বেশ ভালো কদর পাচ্ছেন। পাশাপাশি আমাদের চিরায়ত অনুকরণ প্রবণতায় এই ভিডিওর আদলে পরবর্তীতে অনেকেই মিউজিক ভিডিওতে মডেলকে দুর্ঘটনায় মৃত দেখানোর চেষ্টা করলেও তা আর আলোচনায় আসেনি। তাই অনেকেই এই মিউজিক ভিডিওর ক্ষেত্রে বিশেষ কিছু বৈচিত্র্য প্রত্যাশা করছেন। তাই এবারের ঈদে একাধিক গানের অ্যালবামের পাশাপাশি রেকর্ড সংখ্যক মিউজিক ভিডিও দেখা যাবে এমনটাই সম্ভাবনা দেখা দিচ্ছে। এ প্রসঙ্গে তরুণ প্রজন্মের জনপ্রিয় গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘আমি কয়েকমাস আগে ‘লাভ ডুয়েটস’ নামের একটি অ্যালবাম রিলিজ দিই। এখনও অন্য কোনো অ্যালবামের কাজে হাত দেওয়ার সাহস হয়নি। কারণ আমার ভালো ভালো গানগুলোর ভিডিও না করলে গানগুলো ঠিকমতো প্রচার পাচ্ছে না। তাই এবারের ঈদেও আমি আমার সেই অ্যালবামের একটি গানের ভিডিও রিলিজ দেওয়ার পরিকল্পনা করছি। এটা সময়ের দাবি। তাই এ নিয়ে তর্ক না তুলে বরং এই ভিডিও থেকে কীভাবে খরচ বা শিল্পী-গীতিকারদের একটি ন্যূনতম আয়ের ব্যবস্থা করা যায়, সেদিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত।’ তাই মিউজিক ভিডিও প্রচার প্রক্রিয়ায় আলাদাভাবে রয়্যালিটি বা আয়ের ব্যবস্থার দিকেই সবাই নজর দিচ্ছেন। কারণ অধিকাংশ মেধাবী মিউজিক ভিডিও নির্মাতা মূলত তাদের সিনেমা তৈরির সিঁড়ি হিসেবে এই ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণ করছেন। প্রাতিষ্ঠানিকভাবে এই নির্মাণের মূল্যায়ন না হলে মেধাবী নির্মাতারাও একসময় ভিডিও নির্মাণ থেকে হাত গুটিয়ে নেবেন এমনটাই মত প্রকাশ করেছেন অধিকাংশ সংগীত কলাকুশলীরা।