কী করে এলো

সার্চ ইঞ্জিন

ইন্টারনেট ব্যবহার করেন অথচ গুগল বা ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত নন এই যুগে এমন মানুষ খুঁজে পাওয়া বোধকরি খানিকটা কষ্টকর। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের দুনিয়ায় যুগান্তকারী ভূমিকা রাখা এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন তথ্য আগে থেকেই সামঞ্জস্য অনুযায়ী সন্নিবেশিত করে রাখা হয় বলে তা মানুষের তথ্য অনুসন্ধানের কাজকেও সহজ করে দেয়। বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনগুলো সাধারণত আগে থেকেই আমরা যে ধরনের তথ্য সার্চ দিতে পারি সে ধরণের তথ্যের প্রাপ্তিস্থলগুলোর ইনডেক্সিং বা তালিকার জন্য একধরনের স্বয়ংক্রিয় পদ্ধতি গড়ে তোলে। ভিন্নভাবে বলা চলে যে, সার্চ ইঞ্জিন হচ্ছে একটি ওয়েবসাইট যার মূল বৈশিষ্ট্য তথ্য অনুসন্ধানের সুবিধা। অর্থাত্ এই ধরনের ওয়েবসাইট নিমেষেই তথ্য অনুসন্ধানের অনুমতি দেয়। অধিকাংশ তথ্যমতে, ১৯৮৬ সালে হিউলেট প্যাকার্ড বা সংক্ষেপে এইচপি প্রতিষ্ঠান দ্বারা প্রথম সার্চ ইঞ্জিন আবিষ্কৃত হয়। যদিও এককভাবে কেউই সার্চ ইঞ্জিন আবিষ্কারের দাবীদার নন এবং এতে অনেক প্রতিষ্ঠানের অবদান রয়েছে। ১৯৯০ সালে ম্যাকগিল ইউনিভার্সিটি হতে সার্চ ইঞ্জিন উন্নয়নে কার্যক্রম শুরু হয়। লাইকস নামক সার্চ ইঞ্জিন আবিষ্কৃত হয় ১৯৯৩ সালে। এটি ছিল একটি ইউনিভার্সিটি প্রজেক্ট। ১৯৯৪ সালে প্রথম পূর্ণ টেক্সট ওয়েব সার্চ ইঞ্জিনের নাম ওয়েবক্রলার। জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু প্রতিষ্ঠিত হয় একই বছর। এর পরের বছর ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় সার্চ ইঞ্জিন আলতাভিস্তা। অন্যদিকে বর্তমানে ব্যাপকভাবে গোটা বিশ্বে জনপ্রিয়তা পাওয়া সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে।