সন্তানের অবহেলার মামলায় জিতলেন চীনের এক বৃদ্ধা

চীনের এক আদালত এক বৃদ্ধার মেয়েকে প্রতি দুই মাস অন্তর একবার মাকে দেখতে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক খবরে বলা হয়, বয়স্ক নাগরিকদের অধিকার সুরক্ষায় চীনে কার্যকর হওয়া একটি নতুন আইন হওয়ার প্রথম মামলার রায়ে আদালত এ নির্দেশ দেয়। উইক্সি ডেইলির খবরে বলা হয়, ৭৭ বছর বয়সী এই বৃদ্ধা তার মেয়ে ও মেয়ের স্বামীর বিরুদ্ধে তাকে অবহেলার মামলা করেন। লাঠিতে ভর দিয়ে তিনি সোমবার আদালতে ফরিয়াদির আসনে বসেন। চীনে দ্রুত উন্নয়নের ফলে ঐতিহ্যবাহী একান্নবর্তী পরিবার প্রথা হুমকির মুখে পড়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার প্রবীণদের অধিকার সুরক্ষার নতুন আইনটি বলবত্ হয়। বয়স্ক ব্যক্তিদের সন্তানদের অবহেলা এবং দুর্ব্যবহারের খবর চীন জুড়ে জনগণকে মর্মাহত করেছে। খবরে বলা হয়, পূর্বাঞ্চলীয় ঝিয়াংসু প্রদেশের বাসিন্দা চু নামের এই বৃদ্ধা পারিবারিক বিরোধের জের ধরে ছেলের কাছে চলে যাওয়ার পর থেকে মেয়ে আর তাকে দেখতে যায়নি। তবে এখন সে তার বৃদ্ধা মাকে দেখভাল করতে রাজী হয়েছে। বেইজিং জেলার জনআদালত রায় দিয়েছে যে, ওই দম্পতিকে দু’মাসে অন্তত একবার এবং চীনের সরকারি ছুটির অন্তত দু’দিন বৃদ্ধাকে দেখতে যেতে হবে।