যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়া ইস্যুতে আলোচনা চায়

যুক্তরাষ্ট্র ও রাশিয়া শীঘ্রই সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার ব্রুনাইয়ে আসিয়ানের বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন। তিনি বলেন, ওয়াশিংটন ও মস্কো উভয়ই সিরিয়া বিষয়ে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত। বার্তা সংস্থা এএফপির সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আগামী মাসের পরেই এ সম্মেলন হতে পারে বলে আশা করা যাচ্ছে। কেরি বলেন, আমরা উভয়েই সম্মত যে, এ সম্মেলন যত তাড়াতাড়ি সম্ভব করা যায় ততই মঙ্গলজনক। তবে এটা কোনভাবেই বিলম্বের পক্ষে নই আমরা। আমরা চাই সিরিয়া যুদ্ধ একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে পৌঁছাক। কেননা এছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা নেই। উল্লেখ্য, মস্কো দুই বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে বাশার সরকারকে প্রচ্ছন্নভাবে সমর্থন করে আসছে। ওয়াশিংটন সিরিয়া যুদ্ধে বাশার সরকারের ভূমিকাকে সমালোচনা করে এর তীব্র নিন্দা করে আসছে এবং এজন্য সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সরাসরি সহায়তার কথাও ঘোষণা করেছে এবং সে অনুযায়ী অস্ত্র সরবরাহ করাও হয়েছে।