ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২২ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জনের মৃত্যু ও বহুসংখ্যক লোক আহত হয়েছে এবং অনেক ভবন ধসে পড়েছে। ২০০৪ সালে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি এই অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করায় এখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ডন ও রয়টার্সের যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, আচেহ প্রদেশের কেন্দ্রস্থলে বেনার মিরিয়াহ পার্বত্য জেলায় গ্রিনিচমান সময় ৭টা ৩৭ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে। প্রাদেশিক রাজধানী বান্দা আচেহ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে ওই জেলায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। লাম্পাহান নগরীর একটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক এমা সুরিয়ানী এএফপিকে বলেন, দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, বাড়িঘর ধসে পড়ে দেয়াল চাপায় আহত প্রায় ৫০ জনকে তারা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দিচ্ছেন। ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিক জানান, প্রায় এক মিনিট স্থায়ী ভূমিকম্পে বান্দা আচেহ’র লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসে।